ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নির্বাচিত করেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।

ইসমাইল উলদ শেখ আহমেদ আগামী নভেম্বরে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন।

আন্তর্জাতিক কূটনীতিতে ইসমাইল উলদ শেখ আহমেদের তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন এবং রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর। যোগ্যতা, সততা ও অভিজ্ঞতার পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান এবং সমান সুযোগের বিষয়গুলো বিবেচনা করা হয়। মহাসচিবের মেয়াদ একবার নবায়নের সুযোগ রয়েছে।

ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের মধ্যে মহাসচিব নির্বাচনের নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা উল্লেখ নেই। তবে নির্বাচন প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর আঞ্চলিক ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা শুরু থেকেই আফ্রিকার সমর্থন পায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাকে ওআইসির মহাসচিব পদে আনুষ্ঠানিক সমর্থন দেয়।