রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযানে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনের খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৩৮৫, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারের পেছনের খালপাড় এলাকায় অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে ৭-৮ জনকে দেখতে পায় পুলিশ। এ সময় তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে আসামিরা ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ জানায়, আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়া হলে দুজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

এ ছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।