সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে ড্রামের ভেতরে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

বস্তুটি পরীক্ষা ও নিরাপদে উদ্ধারের জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ড্রামটির ভেতরে একটি কোরআন শরিফ, কিছু জামাকাপড় এবং স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে ফেলে।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন যে রাতে তিন অজ্ঞাত ব্যক্তি ওই এলাকায় ড্রামটি রেখে যান।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, ‘বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করবে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।’

তবে প্রেসার কুকার সদৃশ বস্তুটি বোমা বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত নয়। বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।