শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার এর আগে জানিয়েছিলেন, গত ১২ জুলাই তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। একই সঙ্গে তাকে নির্ধারিত দিনে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, আইনি নোটিশ পাঠানোর পরও সাড়া না পাওয়ার অভিযোগে ২০২৫ সালের ৫ নভেম্বর একই আদালতে মামলা করেন অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, তানজিন তিশা অ্যাপোনিয়ার অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পছন্দ করেন। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

বাদীপক্ষের দাবি, শাড়িটি গ্রহণের পর তিশা বিভিন্ন ভয়েস মেসেজ ও বার্তার মাধ্যমে সেটি পরে অ্যাপোনিয়ার পেজের প্রচারণা করবেন বলে আশ্বস্ত করেছিলেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেটি পরে কোনো প্রচারণা করেননি। একই সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এভাবে তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন।

মামলাটি আমলে নিয়ে তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। পরে আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।