মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর আহত অবস্থায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাতে কুমারশাইল সীমান্ত এলাকায় সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দলের সঙ্গে এ ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি, আটক ব্যক্তির নাম বলাই দাস। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভারতীয় কয়েকজন চোরাকারবারি কুমারশাইল সীমান্ত দিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার করছে— এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

বিজিবি জানায়, কিছুক্ষণ পর সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দল সেখানে এলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় ওই দলটি বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে সন্দেহভাজন চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে বলাই দাস গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকলে তাকে আটক করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।