রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
পুলিশ জানিয়েছে, চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের সামনে অবস্থান নিতে যান। একই স্থানে আগে থেকেই গ্রাহক ফোরামের কর্মসূচি চলছিল। দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জানায়, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের ওপর এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল।
ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরুর পর আগে থেকেই সেখানে অবস্থান করা চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালান। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
তবে পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





