ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন।
শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানান। তার বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তকাচেঙ্কো জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাতে কিয়েভ অঞ্চলের বুচা জেলায় এ হামলা চালানো হয়। তবে গুদামের কোন স্থাপনা বা বস্তুতে আঘাতের পর বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গুদামে হামলার পর সৃষ্ট বিস্ফোরণে আশপাশের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন ও বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে এ ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
জেলেনস্কি আরও বলেন, আবাসিক এলাকা বা মানুষের বসবাসের স্থানের কাছাকাছি গোলাবারুদ সংরক্ষণ করা নিষিদ্ধ। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের হামলার আগে টানা দুই দিন কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় গুদাম ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবনে প্রভাব পড়েছে।
হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স





