চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আসামি ও চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে ডনের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।’

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, সালমান শাহের মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা প্রতিবেদন ও রাসায়নিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন। এ কারণে ডন জামিন পাওয়ার হকদার বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করে দেন আদালত।

গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।