দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ২২ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। ওই দিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এরও আগে ২০ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।





