মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) গভীর রাতে উপজেলার থিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবির দাবি, তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে চার থেকে পাঁচজন বাংলাদেশি আলীনগর সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করেন। সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে তাদের বাধা দেন বিএসএফ সদস্যরা।

বিজিবির ভাষ্য অনুযায়ী, এ সময় ওই ব্যক্তিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে তারা আত্মরক্ষার্থে গুলি চালান। গুলিতে তারা মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যান।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, তারা মিয়া চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার স্বজনেরাও বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।