আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানির সুযোগ চেয়েছে ভারত। এ জন্য ইলিশ রফতানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিল তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রফতানি বন্ধ করে দেয়।
ভারতীয় আমদানিকারকরা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা দীর্ঘদিন ধরে অনুরোধ জানিয়ে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর মাত্র এক মাসের জন্য বিশেষ অনুমতিতে ইলিশ রফতানির সুযোগ দেওয়া হলেও তা ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল দিচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্য ঐতিহ্যের বিষয়টি তুলে ধরে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে ইলিশ রফতানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে।





