অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোডের সুযোগ কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদ লক্ষ্য করছে ‘রকারোলা’ নামের একটি ক্ষতিকর ম্যালওয়্যার। ভুয়া টিকটক বা গুগল ক্রোম অ্যাপের আড়ালে এটি ফোনে প্রবেশ করতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ইনস্টলের পর রকারোলা ২০০টির বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তু করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে সক্ষম এটি।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, হ্যাকাররা জনপ্রিয় অ্যাপের নকল ডাউনলোড সাইট তৈরি করে। ব্যবহারকারী অ্যাপ ইনস্টল করতে গেলে গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে ভুয়া সতর্কবার্তা দেখানো হয়। সেটি উপেক্ষা করে অনুমতি দিলেই ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করতে পারে।

রকারোলা ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। এতে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

এ ছাড়া এটি ফোনের লকস্ক্রিনের তথ্য ও কনট্যাক্ট তালিকা সংগ্রহ, কী-লগারের মাধ্যমে টাইপ করা তথ্য রেকর্ড এবং ব্যাংকের প্রতারণা বা সন্দেহজনক লেনদেনসংক্রান্ত সতর্কবার্তা আটকে দিতে পারে। ব্যাংক থেকে আসা ফোনকলেও বাধা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের মতো অফিসিয়াল উৎস থেকে অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিয়েছেন। অচেনা ওয়েবসাইট, অস্বাভাবিক সতর্কবার্তা বা অপ্রয়োজনীয় অনুমতি চাওয়া অ্যাপ এড়িয়ে চলার পাশাপাশি ফোন ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।