জালিয়াতি ও মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি এবং নিবন্ধনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। পাশাপাশি নিবন্ধন ফরমে অসত্য তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত করে নিবন্ধনের চেষ্টা করেন তিনি।
জানা গেছে, ২০১৫ সালের ২৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র উইংয়ের একটি পরিদর্শন দল অনুসন্ধান চালায়। ওই অনুসন্ধানে এনআইডি-সংক্রান্ত অনিয়মের সঙ্গে মজিবুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।
এরপর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করে নির্বাচন কমিশন।
পরবর্তী সময়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
বিভাগীয় তদন্তে মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি ও নিবন্ধনের চেষ্টাসংক্রান্ত অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
তদন্তের ফলাফল পর্যালোচনা করে নির্বাচন কমিশন মোহাম্মদ মজিবুর রহমানকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামতও চাওয়া হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সরকারি কর্ম কমিশন তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করে।
পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও সরকারি কর্ম কমিশনের সুপারিশসহ একটি সারসংক্ষেপ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়।
গত ১১ অক্টোবর রাষ্ট্রপতি চাকরি থেকে অপসারণের প্রস্তাব অনুমোদন করেন।
রাষ্ট্রপতির অনুমোদনের পর নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন জারি করে মোহাম্মদ মজিবুর রহমানকে সরকারি চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড কার্যকর করেছে।
ভোটার নিবন্ধনে জালিয়াতির দায়ে চাকরিচ্যুত ইসি কর্মকর্তা
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬
১ দিন আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




