সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে কোনো সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য থাকার কথা সামনে এলেও, নিশ্চিত তথ্য ছাড়া কারও নাম প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে কিছু প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। তবে এ নিয়ে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমানের ভিত্তিতে কোনো ব্যক্তির নাম ছড়িয়ে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, বিষয়টি রাষ্ট্রীয়ভাবে তদন্ত করা হবে। কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা চার্জ আনা হলে তখন তার পরিচয় প্রকাশ্যে আসবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো ব্যক্তি শেখ হাসিনার পক্ষে সক্রিয় ছিলেন বা তার পক্ষে বক্তব্য দিয়েছেন—এটি এক বিষয়। কিন্তু শুধু রাজনৈতিক অবস্থানের কারণে তাকে অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত করা যায় না।

তার ভাষ্য, সংশ্লিষ্ট অপরাধে কারও সম্পৃক্ততা নিশ্চিত না হলে অন্য কারও অপরাধের দায় তার ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয়।

জাহেদ উর রহমান বলেন, ‘সংবেদনশীল একটি বিষয়ে শুধুমাত্র সেনসেশন তৈরির জন্য কারও নাম ছড়িয়ে দেওয়া উচিত নয়।’

তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ জানান, তদন্তে নির্ভরযোগ্য তথ্য এবং আনুষ্ঠানিক অভিযোগ সামনে আসার আগে যেন কোনো ব্যক্তিকে ঘিরে অনুমাননির্ভর তথ্য প্রচার না করা হয়।