জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গত সাত মাসে বিএনপি ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার দাবি, ক্ষমতাসীন দলটি জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিনই কোনো না কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করছে। অথচ প্রতিশ্রুতি ভঙ্গের পরও দলটি দম্ভের সঙ্গে জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়নের ঘোষণা দিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদের ১৭টি ধারা লঙ্ঘনের মাধ্যমে বিএনপি গত সাত মাসে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করেছে।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দলটি একই সঙ্গে দুই ধরনের অবস্থান ধরে রেখে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। এতে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না।’
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তারা শুরু থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছিলেন। গণভোটের মাধ্যমে জনগণ ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কারের ক্ষমতা দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
কিন্তু বিএনপি সরকার গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের একটি অংশ গ্রহণ করলেও গণভোটের মাধ্যমে প্রকাশিত সংস্কারের রায় মেনে নেয়নি বলে অভিযোগ করেন হাসনাত।
তিনি বলেন, জনগণ একই সঙ্গে সরকার গঠন এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। অথচ ক্ষমতাসীন দলটি নিজেদের সুবিধামতো সেই রায়ের একাংশ গ্রহণ করেছে এবং অন্য অংশ উপেক্ষা করেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপিও এখন একই ধরনের রাজনৈতিক আচরণ করছে।
তার ভাষায়, নিজেদের পক্ষে গেলে বিএনপি কোনো সিদ্ধান্ত মেনে নিচ্ছে, আর বিপক্ষে গেলে তা প্রত্যাখ্যান করছে।
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দলের সংসদ সদস্যরা সেই শপথ নেননি। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিএনপি নিজেই জুলাই সনদ বাস্তবায়নের পথ বাধাগ্রস্ত করেছে। অথচ দলটি প্রতিনিয়ত সনদের সব অঙ্গীকার বাস্তবায়নের কথা বলছে।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বারবার একই ঘোষণা দেওয়া রাজনৈতিক প্রতারণার শামিল।
সাত মাসে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬
১ দিন আগে
শেয়ার করুন:

রাজনীতি
বিষয়:হাসনাত আবদুল্লাহ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




