জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে সরকারের কাছে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের বড় ধরনের ব্যর্থতার প্রমাণ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার সাত মাসের মধ্যে তিন দফায় পেট্রল, ডিজেল, অকটেন ও কেরোসিনের দাম বাড়িয়েছে। এসব জ্বালানির মূল্য বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও বিভিন্ন পণ্যের দামও বেড়ে যায়।

তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ হিসেবে লোকসান ও ভর্তুকির বিষয়টি তুলে ধরছে। কিন্তু জনগণের প্রতি দায়িত্ব হিসেবে সরকারের নিজস্ব সক্ষমতা, রাজস্ব ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা উচিত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের করের অর্থ দিয়ে বিভিন্ন খাতে ব্যয় করা হলেও কৃষকের সার ও প্রয়োজনীয় পণ্যে ভর্তুকির ক্ষেত্রে লোকসানের কথা বলা হয়। এ ধরনের যুক্তি জনগণ গ্রহণ করবে না।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সমালোচনা করে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে। গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ এ বিষয়ে রাজপথে সিদ্ধান্ত নেবে।

সরকার বর্তমান অবস্থান থেকে সরে না এলে গ্রাম, শহর, নগর ও বন্দর থেকে রাজধানীমুখী লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারিও দেন জামায়াতের এই নেতা।

এ ছাড়া সরকারের মধ্যে একটি অশুভ চক্র আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।