সিলেট সফরের অংশ হিসেবে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাসবীহ পাঠ ও মাজার জিয়ারত করেন তিনি।
পরে সেখান থেকে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বেলা ১টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর মাজারে পৌঁছায়। জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউসে ফেরেন।
এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রাষ্ট্রপতির বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচির স্থান, তাঁর যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সফর শেষে রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।





