স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে, কত ধাপে অনুষ্ঠিত হবে এবং কোন নির্বাচন আগে হবে—এসব বিষয়ে আগামী সোমবার (১২ অক্টোবর) রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভাতেই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে তা জানানো হবে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এদিকে প্যাকেজ পোস্টাল ভোটিং চালুর বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কারিগরি সহায়তা চেয়েছে নেপাল নির্বাচন কমিশন। এ নিয়ে দুই দিন ধরে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হয়েছে।

এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বাংলাদেশের মতো প্রবাসী ভোটিং ব্যবস্থা চালু করতে আগ্রহী নেপাল। এ জন্য বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম সম্পর্কে কারিগরি সহযোগিতা নিতে চায় দেশটির নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইসি সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত সময়সূচি, ধাপ এবং কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে—এসব বিষয়ে আগামী সোমবার কমিশনের সভার পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে।