স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না।”
আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে, কী পদ্ধতিতে এবং কোন পর্যায়ে হবে, তা নিয়ে গত দুই দিন ধরে কমিশনে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।
তিনি বলেন, এর ধারাবাহিকতায় একটি প্রাথমিক বা ‘টেন্টেটিভ’ সময়সূচি করা হয়েছে। সেখানে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রাখা হয়েছে এবং অতিরিক্ত দুটি ধাপ রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তবে এই সময়সূচি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ইসি সচিব জানান, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করা হবে। শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে প্রয়োজনীয় মতামত ও তথ্য নেওয়া হবে।
তিনি আরও বলেন, এসব মতামত পাওয়ার পর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে।
আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবেই পাঁচ ধাপ এবং দুটি রিজার্ভ ধাপের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতির বিষয়গুলো গুছিয়ে কমিশনকে জানাতে পারেন।





