স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী কী কাজের দায়িত্বে রয়েছেন, তা মাঝে মাঝে সংসদের ভেতর থেকে বোঝা কঠিন হয়ে পড়ে। তিনি দাবি করেন, দেশে বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, দখল, চাঁদাবাজি ও লুটতরাজের ঘটনা বাড়ছে এবং এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজনও জড়িত।
তিনি বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, দখল, চাঁদাবাজি ও লুটতরাজের পেছনে সম্পত্তির লোভের পাশাপাশি কর্মসংস্থানের অভাবও একটি কারণ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘‘মামলা-মোকদ্দমার কারণে আমরা অনেকেই ঘরে থাকতে পারিনি, জেলখানায় যেতে হয়েছে।’’
তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ ও মানুষের দক্ষতা বাড়াতে পারলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাইফুল আলম খান মিলন আরও বলেন, দেশের স্থিতিশীলতার জন্য নিয়মিত ও শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর প্রয়োজন। প্রতি পাঁচ বছর পর সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি থাকতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ ও আইন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে নতুন করে জটিলতা তৈরি না করে এগিয়ে যাওয়া প্রয়োজন। তিনি সাইবার নিরাপত্তা আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, এর প্রথম ভুক্তভোগী সাংবাদিকেরা হতে পারেন।
তিনি বলেন, ‘‘বাংলাদেশ আর কতকাল পথ হারাবে? বাংলাদেশকে একটি সঠিক পথে দাঁড় করানো এখন অত্যন্ত জরুরি।’’
গোলটেবিল বৈঠকে কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ, সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনসহ অনেকে বক্তব্য দেন।