২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই ধাপে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারির তারিখ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি তাবলিগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষ—জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে দুই পর্বের জন্য সম্ভাব্য তারিখ প্রস্তাব করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সরকারের প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্ব ২০২৭ সালের ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি শেষ হবে। এরপর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত।

সালাহউদ্দিন আহমদ জানান, ইজতেমার চূড়ান্ত তারিখ নির্ধারণের আগে সংশ্লিষ্ট সব পক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে আরও আলোচনা করা হবে।

তিনি বলেন, ইজতেমা আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন মত রয়েছে। জুবায়েরপন্থীরা সরকারের প্রস্তাবিত দুই পর্বের আয়োজনের পক্ষে থাকলেও সাদপন্থীরা দ্বিতীয় পর্বের পর রমজানের আগে আলাদা সময়ে আরেকটি ইজতেমা আয়োজনের সুযোগ চেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে অন্য পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘাত এড়ানো সরকারের প্রধান লক্ষ্য। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই সব পক্ষের মতামত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সঙ্গে তাবলিগ জামাতের দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছে সরকার।

মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। প্রচলিত ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।