দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৭৬৬ শিশু।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিসাবটি শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৮ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৬৭৭ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২২ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪০ জন।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৭ হাজার ৪৪৪ রোগী। তাদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ২০০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।





