প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
নির্বাচন উপলক্ষে দেশব্যাপী ছুটি, বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও শপিং মল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে ছুটির আমেজ শুরু হচ্ছে। আগামীকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা ছুটিতে যাচ্ছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়-এর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বহাল থাকবে।
এদিকে নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
নির্বাচনকালীন নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭