প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না—এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ফেসবুক পোস্টে জানান, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে আর কোনো বাধা থাকবে না।
উল্লেখ্য, এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার মধ্যে প্রবেশ করতে পারবেন না। সে সময় ইসি সচিবালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ভোটের গোপনীয়তা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ জানান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ একাধিক রাজনৈতিক নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
প্রতিবাদ ও মতামতের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্তটি প্রত্যাহারের পথে এগোলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭