প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
বিএনপির বিদ্রোহী প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক

চট্টগ্রামের চন্দনাইশে এক স্বতন্ত্র প্রার্থীর ঘনিষ্ঠজনকে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তি দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও আইনজীবী মিজানুল হক চৌধুরী–এর ম্যানেজার বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারি হাট এলাকায় তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা টাকা ও গাড়িটি চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন— মো. এনামুল হক ও মো. ইমরান। এনামুল হককে মিজানুল হক চৌধুরীর ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, “রিটার্নিং কর্মকর্তার নির্দেশে রাত দেড়টার দিকে টাকাসহ মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।” তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকাগুলো একজন স্বতন্ত্র প্রার্থীর হতে পারে। বিষয়টি যাচাই-বাছাই শেষে নির্বাচন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে সেনাসদস্যদের সামনে টাকা গুনছেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে “মিজানুল হক চৌধুরীর এস্টেট ম্যানেজার” বলে পরিচয় দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুল হক চৌধুরী। আটক ব্যক্তি তার ঘনিষ্ঠজন বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭