প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনার কাছে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

গোপালগঞ্জে বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর-সংলগ্ন ফুটপাতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর থানা চত্বর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র প্রধান ফটকের সামনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনের সড়ক, জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে এবং বেদগ্রাম আনসার ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মুহাম্মাদ সরোয়ার হোসেন, গোপালগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পৌরসভার বাসিন্দা কেরামত মোল্লা বলেন, একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে ভীতি তৈরি হয়েছে। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতকারীরা ধরা পড়ছে না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়লেও পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭