প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
নির্বাচনে নারীদের নিরাপদ ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের ব্যক্তিদের অধিকারও অন্তর্ভুক্ত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনকালে সাইবার বুলিং, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট প্রকাশের মাধ্যমে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্থার বিষয়ে বিভিন্ন নারী সংগঠন, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা যে উদ্বেগ প্রকাশ করেছেন, সে বিষয়ে জাতিসংঘ অবগত রয়েছে।
জাতিসংঘ আরও বলেছে, নির্বাচনী সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতা রোধে এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭