প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করব: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসংগতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। আইনি ভিত্তি পাওয়া গেলে তিনি ভোট পুনর্গণনার আবেদন করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবি তুলেছেন তিনি।
শুক্রবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক ও সংসদীয় ব্যবস্থায় ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ হলো নির্বাচন। সে কারণে তাঁর দল সব সময় নির্বাচনমুখী রাজনীতি করে এসেছে এবং এবারের নির্বাচনেও স্বচ্ছ ও অবাধ পরিবেশ নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে।
খুলনা-৫ আসনে তিনি ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলি আসগার ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২ হাজার ৬০৮।
গোলাম পরওয়ার জানান, রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর, দুই উপজেলার ইউএনও কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে দলীয়ভাবে সংরক্ষিত ফলাফলের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যের কিছু অসংগতি নজরে এসেছে। সামান্য ভোটের ব্যবধান থাকায় বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রায় ছয় হাজার ভোট বাতিল করা হয়েছে—এসব ভোট বিধি অনুযায়ী বাতিল হয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। কোথাও ওভাররাইটিং, অঙ্ক লেখায় ভুল বা গণনায় ত্রুটি থাকলে আইন অনুযায়ী পুনর্গণনার মাধ্যমে তা যাচাই করা উচিত।
নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রায় দেড় লাখ মানুষের সমর্থন তাঁর জন্য বড় প্রাপ্তি। জয়-পরাজয় রাজনীতির অংশ হলেও তিনি নিজেকে নৈতিকভাবে পরাজিত মনে করেন না বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উচ্চ ভোটার উপস্থিতি দেশের নির্বাচনী প্রক্রিয়ায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭