প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
নির্বাচন–পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

সারাদেশে নির্বাচন–পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এই কর্মসূচি শুরু হয়।
জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
সমাবেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন হয়নি, এটি ছিল একটি গণভোট। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা চলবে না।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। জনগণ স্বৈরাচার তাড়াতে পেরেছে, তাই এই বাস্তবতা সবাইকে মনে রাখতে হবে।
নির্বাচনের পর সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে তিনি দাবি করেন, নির্বাচিত দল নির্বাচনের পরের দিন থেকেই জুলুম–নিপীড়ন শুরু করেছে।
সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম উত্তর গেট ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭