প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
সম্মিলিত ইসলামী ব্যাংক এমডি হিসেবে নিয়োগপ্রাপ্ত নাবিল মুস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণে অপারগ

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমান। তবে, শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগে সরকারের সম্মতির কথা জানানো হয়। তার নিয়োগের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, "বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে, তিনি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন।" তিনি আরও জানান, নাবিল মুস্তাফিজুর রহমান কেন্দ্রীয় ব্যাংকে এই সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছেন।
পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "যে বোর্ডের মাধ্যমে তিনি সিলেকশন হয়েছেন, সেখানে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয় চাইলে সেখান থেকে অন্য কাউকে সিলেকশন করতে পারে, অথবা নতুন সার্কুলার হতে পারে। এটি সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয়।"
এই বিষয়ে মন্তব্য জানতে নাবিল মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭