প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
নিউইয়র্ক টাইমসে ৩৫ কোটি ডলার বিনিয়োগ করল ওয়ারেন বাফেট

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে ৩৫ কোটি ডলার নতুন বিনিয়োগ করেছে ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া ত্রৈমাসিক শেয়ারতালিকা থেকে বার্কশায়ারের এই বিনিয়োগের কথা জানা যায়। গত বছরের শেষ প্রান্তিকে বার্কশায়ার এ বিনিয়োগ করে।
অর্থাৎ যে প্রান্তিক ছিল ওয়ারেন বাফেটের শেষ কার্যকাল। একই সময়ে কোম্পানিটি তেল খাতের বড় কোম্পানি শেভরনে বিনিয়োগ বাড়িয়েছে। অন্যদিকে ব্যাংক অব আমেরিকা ও অ্যাপলের কিছু শেয়ার ছেড়ে দিয়েছে তারা। খবর এমএসএন।
বার্কশায়ার ও ওয়ারেন বাফেট বিনিয়োগের জন্য বিখ্যাত। বিনিয়োগবিষয়ক সিদ্ধান্ত নিতে বাফেট সাধারণত ভুল করেননি।
কিন্তু এই বিনিয়োগের বিশেষত্ব হলো, ছয় বছর আগে, অর্থাৎ ২০২০ সালে বার্কশায়ার ও বাফেট সংবাদপত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই শিল্প থেকে সব বিনিয়োগ তুলে নেন।
২০২০ সালে বার্কশায়ারের মালিকানাধীন একাধিক সংবাদপত্র বিক্রি করার সময় বাফেট বলেছিলেন, অধিকাংশ সংবাদপত্রের ব্যবসা কার্যত শেষের পথে।
তখন তিনি এ-ও বলেন, যেসব পত্রিকা জাতীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং যাদের শক্তিশালী পাঠকভিত্তি আছে, যেমন নিউইয়র্ক টাইমস বা ওয়াল স্ট্রিট জার্নাল, সেই পত্রিকাগুলো টিকে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সাংবাদিকতা বিদ্যালয়ের অধ্যাপক টিম ফ্র্যাঙ্কলিন বলেন, সংবাদমাধ্যমে এই পুনর্বিনিয়োগ বার্কশায়ারের জন্য একধরনের চক্র পূরণ করার মতো বিষয়। তাঁর ভাষায়, নিউইয়র্ক টাইমসের বর্তমান ব্যবসায়িক কৌশলের ওপর যে বাফেটের আস্থা আছে, এই বিনিয়োগ সেই আস্থার ইঙ্গিত।
টিম আরও বলেন, ঐতিহ্যবাহী সংবাদপত্রের ধারা থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানটি এখন শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্মের রূপ নিয়েছে।
জনপ্রিয় অনলাইন শব্দধাঁধা, ক্রীড়াকেন্দ্রিক প্ল্যাটফর্ম ও এক কোটির বেশি ডিজিটাল গ্রাহক-সব মিলিয়ে নিউইয়র্ক টাইমস এখন বড় ডিজিটাল গণমাধ্যম। সংকটে থাকা স্থানীয় পত্রিকাগুলো তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে বলেও তিনি মত দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭