প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
বাংলাদেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দেওয়া এক বার্তায় এ কথা জানান তিনি।
নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী। পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব ও প্রতিমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনপ্রধান মাইকেল মিলার-এর নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি ইইউ প্রতিনিধিদল পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করে।
বৈঠকগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭