প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
ঈদের আগেই হতদরিদ্র পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।
এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে। তার নেতৃত্বে ১৪ সদস্যের এই কমিটিতে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
কমিটিতে আরও রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্যসচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব এবং সমাজকল্যাণ সচিব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭