প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জড়িত ছিলেন: রফিকুল ইসলাম খান

বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানায় বিডিআর বিদ্রোহের নৃশংস ঘটনার বিচার ও নিহতদের স্মরণে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, ডাল-ভাতের জন্যও এই হত্যাকাণ্ড ঘটেনি। এর সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জড়িত ছিলেন। দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে যাদের জড়িত থাকার কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে, তাদের অনেকেই এখনো বিচারের আওতার বাইরে রয়ে গেছে।
কারাগারে দণ্ডিত অনেকেই নিরপরাধ বলে দাবি করে তিনি বলেন, সরকার যদি সত্যিই সুষ্ঠু বিচার চায়, তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে বিচারের আওতায় আনতে হবে। মূল পরিকল্পনা ছিল দেশপ্রেমিক সেনাসদস্যদের হত্যা করে দেশের সীমান্তকে অরক্ষিত করা। কিন্তু মানুষ হত্যা করে কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যায় না।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার আজও দাবি ও আলোচনার রহস্যে ঘুরপাক খাচ্ছে। অজ্ঞাত কোনো কারণে বারবার এই নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য চাপা দেওয়া হচ্ছে, বলেন তিনি।
তিনি আরও বলেন, ওই সময়ের অনেক বিডিআর সদস্যকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। তাদের মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭