প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

চলতি বছরের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
সভায় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে ফিতরার হার সাংবাদিকদের জানান কমিটির সভাপতি।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ইসলামী শরিয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুসারে গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির—এই ছয়টি পণ্যের যেকোনো একটি নির্দিষ্ট পরিমাণ অথবা এর বাজার মূল্য সাদাকাতুল ফিতর হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।
নির্ধারিত ফিতরার হার হলো—
১. গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ (একশ দশ) টাকা প্রদান করতে হবে।
২. যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ (পাঁচশত পঁচানব্বই) টাকা,
৩. খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূলা ২৪৭৫ (দুই হাজার চারশত পঁচাত্তর) টাকা।
৪. কিশমিশ দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) টাকা।
৫. পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০৫ (দুই হাজার আটশ পাঁচ) টাকা ফিতরা প্রদান করতে হবে।
এসব পণ্যের বাজারদর বিবেচনা করেই সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যে ভিন্নতা থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী ফিতরা আদায় করলেও তা বৈধ হবে বলে জানান মুফতি আবদুল মালেক।
মুফতি আবদুল মালেকের পক্ষে বক্তব্য পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ।
উল্লেখ্য, ঈদের দিন সুবহে সাদিকের সময় কোনো ব্যক্তি নেছাব পরিমাণ সম্পদের (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালিক হলে তার ওপর নিজের ও নাবালক সন্তানসহ নির্ভরশীলদের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭