প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
নতুন আইজিপিকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।
মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা এবং ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। ডিআইজি পদমর্যাদায় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে কর্মরত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭