প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
গাজায় ইসরায়েলি হামলার পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করল মোদি

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “এই মুহূর্তে এবং এর পরেও ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে।”
গতকাল বুধবার ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। ভাষণে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরায়েলি হামলা বা গাজায় হতাহতের বিষয়ে কোনো বক্তব্য না রেখে বরং ইসরায়েলের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন মোদি।
দুই দিনের সরকারি সফরে ইসরায়েল সফরের প্রথম দিন নেসেটে ভাষণ দেন মোদি। এ সময় তাঁকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়। ইসরায়েলের সংসদে ভাষণ দেওয়া তিনিই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী।
ভাষণে মোদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে বলেন, “কোনো উদ্দেশ্যই সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দিতে পারে না।” তবে একই সঙ্গে গাজায় ইসরায়েলি অভিযানে ব্যাপক বেসামরিক হতাহতের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান। আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই নেতা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।
নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে। মোদি আমাদের কাছে শুধু বন্ধু নন, তিনি একজন ভাই।”
মোদি বলেন, ভারত ও ইসরায়েল একে অপরের বিশ্বস্ত অংশীদার এবং এই সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখছে। তিনি বাণিজ্য, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ইসরায়েল সফর করেন মোদি। এর পরের বছর ২০১৮ সালে নেতানিয়াহুও ভারত সফর করেন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের ভারত সফরের সময় দুই দেশ একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিতে সই করে, যার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ইসরায়েল থেকে প্রায় ২ হাজার ৫০ কোটি ডলারের অস্ত্র ক্রয় করেছে, যা ভারতকে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৯০ কোটি ডলার।
এদিকে গাজায় ইসরায়েলি অভিযানের প্রকাশ্য সমর্থন দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছেন মোদি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৭২ হাজার ৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন। এমনকি গত অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায়ও অন্তত ৬১৫ জন ফিলিস্তিনি নিহত হন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭