প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
ট্রাম্পের 'বোর্ড অব পিস' নিরাপত্তা পরিষদের সঙ্গে কীভাবে কাজ করবে, প্রশ্ন রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস' জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে কীভাবে কাজ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সম্মিলিত আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মূল কেন্দ্র হিসেবে কাজ করছে।
ট্রাম্প সেপ্টেম্বরে প্রথম এই বোর্ডের প্রস্তাব দিয়েছিলেন। ওই সময় তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে তার পরিকল্পনা তুলে ধরেছিলেন।
পরে তিনি বলেন, এই পরিকল্পনার পরিধি বাড়িয়ে বিশ্বের অন্য দ্বন্দ্বগুলোও সামলানো যায়। ঐতিহ্যগতভাবে এসব প্রচেষ্টা জাতিসংঘই তত্ত্বাবধান করে আসছিল।
রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই এই বোর্ডে যোগ দিয়েছে। নিরাপত্তা পরিষদের অপর সদস্য রাষ্ট্র রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স এতে যোগ দেয়নি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিরিল লগভিনোভ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বলেন, "বোর্ড অব পিসের সনদ "প্রায়শই অকার্যকর প্রমাণিত প্রক্রিয়াগুলোকে প্রতিস্থাপনের জন্য নকশা করা একটি নতুন আন্তর্জাতিক কাঠামো হিসেবে নিজেকে সংজ্ঞায়িত করেছে।"
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক লগভিনোভ জানান, এই বোর্ডের সনদে গাজার কোনো উল্লেখ নেই।
তিনি বলেন, "এটি পরিষ্কার যে এই দৃষ্টিভঙ্গীতে প্রশ্ন দেখা দিয়েছে যে বোর্ড অব পিস কীভাবে জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদের সঙ্গে সহবস্থান করবে, যেটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য বৈশ্বিকভাবে স্বীকৃত একমাত্র সংস্থা।"
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এ পর্যন্ত বোর্ড অব পিসের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, রাশিয়ার এই পর্যবেক্ষণ পুনরুল্লেখ করেন তিনি।
বোর্ডের সনদে বলা হয়েছে, এটি 'আন্তর্জাতিক আইন অনুসারে শান্তি প্রতিষ্ঠার কার্যাবলী' গ্রহণ করবে। এর চেয়ারম্যান ট্রাম্প কিছু সীমাবদ্ধতা সাপেক্ষে ব্যাপক ক্ষমতার অধিকারী হবেন। বোর্ডের সিদ্ধান্তে ভিটো দেওয়া ও সদস্যদের অপসারণ করার ক্ষমতা থাকবে তার।
জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাথমিক দায়িত্ব হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এর সদরদপ্তর নিউ ইয়র্কে হলেও প্রথম বৈঠক হয়েছিল ১৯৪৬ সালে লন্ডনে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭