প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর একজন কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সামনে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
যশোরে নেওয়ার পথে গুরুতর আহত হাফিজুর রহমান (৪৫) মারা যান। তিনি জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে এবং বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমানের বড় ভাই।
সংঘর্ষে আহত অন্যরা হলেন- মফিজুর রহমান (৪০), খায়রুল ইসলাম (৫০), মেহেদী হাসান এবং তার পিতা জসিম উদ্দীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সংঘর্ষের পর সন্ধ্যা থেকেই হাসাদাহ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছিলেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জীবননগর থানা-র একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭