প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশী প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ আহমেদ ওরফে আহমদ আলী (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত সালেহ আহমেদ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা দাসপাড়া গ্রামের মৃত সবর আলীর ছেলে।
রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান ও নিহতের দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আজমান শহরে বসবাস করছিলেন সালেহ আহমেদ। সেখানে তিনি পানির গাড়িচালক হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় নিয়মিত কাজের সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেহ আহমেদসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহমেদকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭