প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদাতাদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম কী মন্তব্য করেছেন, সে বিষয়ে তিনি অবগত নন। এ নিয়ে তিনি নিজে কোনো বক্তব্য দেননি বলেও স্পষ্ট করেন মন্ত্রী।
রবিবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষায় সরকার ইতোমধ্যে একটি অধ্যাদেশ জারি করেছে। পাশাপাশি জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে এবং সরকার সেই নীতির আলোকে কাজ করছে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তাকারী শক্তি হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনী মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ধাপে ধাপে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত আসবে।
র্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবতার নিরিখে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সেখানে প্রতিবেশী দেশ হিসেবে নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড যেন না ঘটে—এ বিষয়ে বাংলাদেশ জোর দিয়েছে এবং ভারতীয় পক্ষ এ বিষয়ে আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি পর্যটন ভিসা ধাপে ধাপে বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সংসদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। কোনটি গৃহীত হবে, কোনটির আংশিক সংশোধন হবে কিংবা কোনটি বাতিল হবে—সে সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে।
এছাড়া ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিসের অফিস স্থাপনের লক্ষ্য রয়েছে এবং এ খাতে নতুন নিয়োগ দেওয়া হবে। অতীতে ফায়ার সার্ভিসে দুর্নীতির অভিযোগও ছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭