প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা ইস্যু সাময়িক স্থগিত

বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন প্রশাসন। নতুন এই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের আনুষ্ঠানিক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর সরকারি সামাজিক সহায়তা বা করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সুবিধা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রয়োগ করা হচ্ছে। অভিবাসনসংক্রান্ত ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব পর্যালোচনার অংশ হিসেবেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। অস্থায়ী ভিসা যেমন ভিজিটর, পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভিসা—এই স্থগিতাদেশের আওতায় পড়ছে না। ফলে স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসা কিংবা পারিবারিক সফরের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীরা আগের নিয়মেই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ভিসা আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে। দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে চূড়ান্তভাবে অভিবাসী ভিসা ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর থাকবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭