প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য ফেব্রুয়ারির বেতন পরিশোধে মেয়াদি ঋণ সুবিধা

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য মেয়াদি ঋণ সুবিধা নিতে পারবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সর্বশেষ তিন মাসের গড় বেতনের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে। ব্যাংকগুলো এই ঋণ বাজারভিত্তিক সুদে প্রদান করবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিজিএমইএ দুই মাসের বেতনের সমপরিমাণ ঋণ সুবিধা চেয়ে আবেদন করেছে এবং নগদ সহায়তা দ্রুত ছাড় করার অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য খরচের কারণে অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যেতে ও শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধে সমস্যায় পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি প্রবাহ সচল রাখতে আর্থিক সহায়তা প্রয়োজন।
সার্কুলারের মাধ্যমে জানানো হয়েছে, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা অনুযায়ী মেয়াদি ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসের গড় বেতনের বেশি হবে না।
এছাড়া, যেসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে, সেগুলোকে রপ্তানিমুখী শিল্প হিসেবে বিবেচনা করা হবে। নভেম্বরে ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত নিয়মিত বেতন পরিশোধ করেছে এমন প্রতিষ্ঠানকে সচল ধরা হবে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন থাকতে হবে। ঋণের বিপরীতে বাজারভিত্তিক সুদহার প্রযোজ্য হবে এবং কোনো অতিরিক্ত সুদ বা ফি আরোপ করা যাবে না। ঋণটি সর্বোচ্চ এক বছরের মেয়াদ হবে, যার মধ্যে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হবে।
বাংলাদেশ ব্যাংক সারা দেশে তফসিলি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে সরাসরি বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭