প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মরণোত্তর পুরস্কার পাচ্ছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সাহিত্যে অবদানের জন্য মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী।
সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং মরণোত্তর পুরস্কার পাচ্ছেন বশির আহমেদ।
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন জোবেরা রহমান (লিনু)।
পল্লী উন্নয়নে অবদানের জন্য পুরস্কার পাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মাহেরীন চৌধুরী। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মো. সাইদুল হক। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
জনপ্রশাসনে অবদানের জন্য মরণোত্তর পুরস্কার পাচ্ছেন কাজী ফজলুর রহমান।
গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
এছাড়া পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন আবদুল মুকিত মজুমদার।
সরকার প্রতি বছর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করে থাকে, যা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭