প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ক্রিকেটারদের আগে ঢাকায় পৌঁছাল পাকিস্তানের কোচিং স্টাফ

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের আগেই ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান দলের কোচিং স্টাফের সদস্যরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ সদস্যের কোচিং স্টাফকে বাংলাদেশে পাঠিয়েছে।
শনিবার দুপুরে প্রধান কোচ মাইক হেসনের নেতৃত্বে পাঁচ সদস্যের কোচিং স্টাফ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।
পাকিস্তান দলের কোচিং স্টাফের সদস্যরা হলেন—প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তান দলের ক্রিকেটাররা দেশে ফিরে গেলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন। সেখান থেকেই সরাসরি ঢাকায় আসেন তারা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে পাকিস্তান দল ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। পাশাপাশি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়ানডেতে এখনো অভিষেক না হওয়া ছয়জন ক্রিকেটারকে।
এদের মধ্যে আলোচনায় রয়েছেন ওপেনার সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন। অন্যদিকে চোটের কারণে এই সিরিজে দলে রাখা হয়নি ফখর জামানকে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামাইল হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭