প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কড়া বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’ সংক্রান্ত মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।
শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য করার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় সংঘাত অব্যাহত থাকবে। এর পরিপ্রেক্ষিতেই ইরানের প্রেসিডেন্ট এই কঠোর বার্তা দেন।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইরানকে ঘিরে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর বৃহৎ পরিসরে বোমা হামলার পরিকল্পনা রয়েছে।
তার দাবি, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এসব স্থাপনা উল্লেখযোগ্যভাবে অকার্যকর হয়ে পড়বে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার দাবি, প্রথম দিনের পর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা প্রায় ৮৬ শতাংশ কমেছে এবং পরবর্তী সময়ে তা আরও কমেছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭