প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
ইরান–ইসরায়েল সংঘাতে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান–ইসরায়েল চলমান সংঘাতে দুবাইয়ে নিহত বাংলাদেশি প্রবাসী আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিহতের স্বজনরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ইরান–ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন সৌদি আরবে, একজন বাহরাইনে এবং একজন দুবাইয়ে প্রাণ হারিয়েছেন।
দুবাইয়ে নিহত আহমদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। তার মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের EK-582 ফ্লাইটে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রবাসীদের নিরাপত্তা ও সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীদের থাকা-খাওয়া ও অন্যান্য সহায়তার বিষয়েও সরকার সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও জানান, সংঘাতে আহত বাংলাদেশিদের সংখ্যা প্রায় ১৪ জন। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলো তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ এলাকা ও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু স্থানগুলো এড়িয়ে চলতে হবে। সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের আইনবিরোধী বা উত্তেজনাপূর্ণ কনটেন্ট প্রকাশ না করারও পরামর্শ দেন তিনি।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের কাছে নাগরিকদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিহতদের পরিবারের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।
তিনি জানান, সম্প্রতি সৌদি আরবেও আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত আহমদ আলীর মরদেহ ঢাকায় গ্রহণের পর তা সিলেটে নেওয়া হবে। সেখান থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭