প্রিন্ট এর তারিখঃ Mar 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের অনুরোধ বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দফতর থেকে একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, এ ধরনের পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করা সহজ হবে এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
নিজের পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রণালয়ে পদায়নের এই প্রস্তাবকে ‘নতুন’ ও ‘অভিনব’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অধ্যাপক মাহমুদুল হাসানের বিস্তৃত কূটনৈতিক অভিজ্ঞতা ও পেশাদার নেটওয়ার্ক রয়েছে। জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বিরোধীদলীয় নেতা মনে করেন, এই পদায়নের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারকে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করা সম্ভব হবে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা ও দেশের পররাষ্ট্রনীতি সমন্বয়ের স্বার্থে বিষয়টি সরকারের বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭