প্রিন্ট এর তারিখঃ Mar 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সজিব নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমা ওয়ালা গ্রামের শাহ আলামের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের গ্যারেজে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় শাহাবুদ্দিনের লোকজন আলিমের ওপর হামলা চালায়, পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে আলিমের স্ত্রী তাহমিনা আক্তার জানান, তার স্বামীকে স্থানীয়রা ইউপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করলেও শাহাবুদ্দিন তার জনপ্রিয়তাকে মেনে নিতে পারেননি। মঙ্গলবার এক ইফতার মাহফিলের পর আলিমের অনুসারীরা হামলা চালালে সজীব নিহত হয়।
শাহাবুদ্দিন বলেন, তার এলাকায় একটি রিকশার ব্যাটারি চুরির ঘটনায় সালিশি বৈঠক হয়েছিল, এবং এ বৈঠকে তিনি ভুক্তভোগীর পক্ষ ছিলেন। জামিনের টাকা না দেওয়ায় আলিমের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়।
সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় সজীব নিহত এবং ৭/৮ জন আহত হয়েছেন। সজিবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার পেছনে আসল কারণ উদঘাটনের জন্য কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭