প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
রংপুরে শিশু সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ

রংপুর মহানগরীর সাজাপুর এলাকায় দেড় বছর বয়সী এক শিশু সন্তানকে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) ও তার দেড় বছর বয়সী ছেলে জয়দেব ঘোষ। সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ (৪৫) একজন শারীরিক প্রতিবন্ধী মুদি দোকানদার।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু সন্তানকে হত্যার পর সূচনা ঘোষ আত্মহত্যা করেছেন। ঘটনাটি প্রথমে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় পরিবারের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বামী শংকর ঘোষ দাবি করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসাও চলছিল। তার ধারণা, ওই অবস্থার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
ওসি আতাউর রহমান বলেন, পরিবারটি অভাব-অনটন ও পারিবারিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে এমন তথ্য এসেছে যে, সূচনা ঘোষের মানসিক অস্থিরতার সঙ্গে ঘটনাটির সম্পর্ক থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭